কবীরও সেদিন জানালার পাশে বসে নদী দেখছিল। সে ঢাকায় কর্মরত একজন সরকারি কর্মকর্তা। বরিশাল বিভাগের দরিদ্র জনগোষ্ঠী নিয়ে পরিচালিত একটি প্রকল্পের কাজেই তার দৌলতখানে আসা। সহকর্মীরা কালাবদরের ঢেউয়ের কথা আগেই বলেছিল। কিন্তু নিজের চোখে না দেখলে নদীর এই রূপ বিশ্বাস করা যায় না।
দৌলতখানে পৌঁছে প্রথম যে জিনিসটি তাকে মুগ্ধ করল, তা হলো মেঘনা। নদী নয়, যেন এক চলমান সমুদ্র। সেই বিশাল নদীর পাড়েই রেশমাদের বাড়ি। একসময় উঠান ছিল, ফলের গাছ ছিল, বাঁশঝাড় ছিল। এখন সেসবের অধিকাংশই নদীর গর্ভে। ভাঙনের সঙ্গে লড়াই করতে করতে শেষ পর্যন্ত যে সামান্য ভিটেটুকু টিকে আছে, তার ওপর দুটি টিনের ঘর দাঁড়িয়ে আছে যেন জেদ করে।
রেশমার বাবা মৎস্যজীবী। নিজের নৌকা আছে, জালও আছে, কিন্তু স্বাধীনতা নেই। বছরের যে সময় নদীতে মাছ কমে যায়, সংসার চালাতে তখন মহাজনের কাছ থেকে দাদন নিতে হয়। আর দাদনের বিনিময়ে ধরা সব মাছই তুলে দিতে হয় সেই মহাজনের আড়তে। মাছ যত বড়ই হোক, দাম ঠিক করে অন্য কেউ।
রেশমা স্থানীয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে। কলেজে সবাই তাকে মজা করে ‘রানি’ বলত। রাজকীয় পোশাকের জন্য নয়, তার সহজ সরল সৌন্দর্যের জন্য। তার রূপে মুগ্ধ হয়ে অনেকেই তার কাছে আসতে চেয়েছে, কিন্তু সে কাউকেই গুরুত্ব দেয়নি।শুধু একজনের সামনে এলেই তার বুকের ভেতর অকারণে ঢেউ উঠত। রাতুল। পাশের সৈয়দপুর গ্রামের ছেলে। পড়াশোনায় মেধাবী, খেলাধুলায় সেরা, গানেও তার আলাদা পরিচিতি ছিল। কলেজ মাঠে ফুটবল খেলতে নামলে রেশমা ভিড়ের আড়ালে দাঁড়িয়ে থাকত। রাতুল গোল করলে সবাই হাততালি দিত, আর তার মনে হতো— গোলটা যেন তার নিজের।
রাতুলকে কখনোই ভালোবাসার কথাটি বলা হয়নি। ভালোবাসার কথা বলা তো দূরে থাক, চোখে চোখ পড়লেই তার মাথা নিচু হয়ে যেত।রাতুলও হয়তো কিছু বলতে চেয়েছিল। কিন্তু সে-ও কিছু বলতে পারেনি।তাদের সম্পর্কের ভাষাটাই ছিল যেন নীরব।ইন্টারমিডিয়েট পরীক্ষার পর রাতুলের স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়বে। পড়াশোনা শেষ করে আবার দৌলতখানে ফিরে আসবে। সে বিশ্বাস করত, নদী শুধু ভাঙে না, নদী মানুষকে বাঁচায়ও। এই নদীকেই কেন্দ্র করে একদিন বদলে দেওয়া যাবে দৌলতখানের মানুষের জীবন।কিন্তু মেঘনা মানুষের স্বপ্নের মূল্য বোঝে না।
বর্ষার এক রাতে নদী এমনভাবে ভাঙতে শুরু করল যে দেখতে দেখতেই গ্রামের অর্ধেক পানির নিচে চলে গেল। কারও ঘর, কারও জমি, কারও বাগান—সবকিছু হারিয়ে গেল মুহূর্তে। রাতুলদের বাড়িও রক্ষা পেল না। তার ঢাকায় পড়তে যাওয়ার স্বপ্ন মেঘনার স্রোতে ভেসে গেল।সংসার বাঁচাতে সে উঠল রেশমার বাবার মাছধরা নৌকায়। বদলে গেল তার দিনের হিসাব।কখন নদীতে যেতে হবে, কখন ফিরতে হবে—সব ঠিক করে দিত জোয়ার-ভাটা। মাছধরা নৌকাগুলোর ঘাটে ফেরার একটি নির্দিষ্ট সময় ছিল। এ সময় পাড়ের লোকজন তাদের জন্য অপেক্ষা করত। অপেক্ষার সেই সময়ের নাম—জুবা।