ইসিবি চত্ত্বর গিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর
৩৫ কাঠা জমি উদ্ধার করে দিতে পারলে এর একটি অংশের মালিকানা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল শাহরিয়া মাহমুদকে। সেই প্রতিশ্রুতি পেয়ে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজ নামে আবাসন প্রকল্পে হামলার দায়িত্ব নেন তিনি।
হামলা ‘সফল’ করতে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের স্থানীয় নেতা শাহ আলম অনিকসহ কয়েকজনের মাধ্যমে ভাসানটেক ও পল্লবীর বস্তি থেকে নিম্নআয়ের মানুষ ভাড়া করা হয়। তারা শনিবার রাতে নিউগিনি আবাসন প্রকল্প এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। হামলায় দেশীয় অস্ত্রের পাশাপাশি একাধিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। তদন্তসংশ্লিষ্ট ও এলাকা সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে হামলা-লুটপাটের ঘটনায় সোমবার আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মিজানুর রহমান এজাহারনামীয় ৯ নম্বর আসামি। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা ৬। তাদের মধ্যে মুন্না, মামুন ও আসলামকে রোববার এবং গতকাল সোমবার শাহরিয়া মাহমুদ ও শাহ আলম অনিককে আদালতে পাঠানো হয়। তাদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত দেবনাথ। আগামীকাল বুধবার রিমান্ড শুনানির তারিখ ধার্য করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। অন্য তিন আসামিরও বুধবার রিমান্ড শুনানির তারিখ ধার্য করা আছে। পাঁচ আসামিই রয়েছেন কারাগারে।
যে জমিটি নিয়ে বিরোধের কথা বলা হচ্ছে, সে বিষয়ে দুই ধরনের তথ্য পাওয়া গেছে। এক. মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ কয়েজনের ৩৫ কাঠা জমি রয়েছে নিউগিনি প্রকল্পের ভেতরে। নিউগিনির ভেতরে তাদের জমি খালি পড়ে রয়েছে। এই জমিও এক প্রকার নিউগিনির দখলে। রাস্তা না থাকায় এই জমিতে যাওয়ার সুযোগ নেই। নিউগিনি প্রপার্টিজ গেট দিয়ে রেখেছে। এই জমির অবস্থান প্রকল্পের শেষ মাথায়। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুপক্ষের বিরোধ চলছে।
দুই. নিউগিনি প্রপার্টিজ কর্তৃপক্ষের দাবি, গোলাম মহিউদ্দিন চৌধুরীর ২৩ কাঠা জমি ছিল। এর মধ্যে ১৫ কাঠা কয়েক বছর আগে তিনি নিউগিনির কাছে বিক্রি করেন। বাকি আট কাঠা তাঁর রয়েছে। পাশে অন্যদের আরও ১২ কাঠা জমি আছে। এই জমির মালিকরাও মহিউদ্দিনের সঙ্গে হাত মিলেয়েছেন, কারণ তাদের জমিতেও যাওয়ার রাস্তা দিচ্ছে না নিউগিনি। বিক্রি করে দেওয়া ১৫ কাঠা জমি তিনি দখলে নিতে চান। জমির দখল ও রাস্তা নিয়ে বিরোধ তৈরি হয়।