অনিয়ম-জালিয়াতির কারণে বন্ধ হতে যাওয়া চারটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) ব্যক্তি আমানতকারীদের ৫০ লাখ পর্যন্ত জমা টাকার পুরোটা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে ১০ লাখ টাকার পুরোটা ফেরতের কথা বলা হয়েছিল। আর ৫০ লাখ টাকার বেশি জমার ক্ষেত্রে আনুপাতিক হারে ফেরত দেওয়া হবে। এ জন্য একটি স্কিম তৈরি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। অনিয়ম-জালিয়াতির কারণে দীর্ঘদিন আমানত ফেরত দিতে না পারা চার আর্থিক প্রতিষ্ঠান বন্ধের চূড়ান্ত ধাপ হিসেবে গত ৯ আগস্ট প্রশাসক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানগুলো হলো– ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

জানা গেছে, বন্ধের প্রক্রিয়ায় থাকা এই চার প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের ৫০ লাখ টাকার বেশি জমার ক্ষেত্রে মূল অর্থ থেকে নির্দিষ্ট পরিমাণ কেটে রেখে ফেরত দেওয়া হবে। এ ক্ষেত্রে ১ কোটি টাকা পর্যন্ত আমানতকারীদের সর্বোচ্চ ৬০ লাখ টাকা, ১ কোটি থেকে দেড় কোটি টাকার আমানতকারীদের ৮০ লাখ টাকা। এর পরের ধাপে দেড় কোটি থেকে ২ কোটি টাকা পর্যন্ত যাদের জমা আছে তারা পাবেন ১ কোটি ৫ লাখ টাকা। এ ছাড়া ২ কোটির বেশি আমানতকারীদের দেওয়া হবে ১ কোটি ২৫ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বন্ধের প্রক্রিয়ায় থাকা চার আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৯৩ শতাংশ থেকে প্রায় ১০০ শতাংশ। এসব প্রতিষ্ঠানের আমানত রয়েছে ১২ হাজার ৪৮৩ কোটি টাকা। এর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৩ হাজার ১২ কোটি টাকা, আভিভা ফাইন্যান্সে ৫ হাজার ৩৬৮ কোটি টাকা, এফএএস ফাইন্যান্সে ১ হাজার ২৪৬ কোটি টাকা এবং ফারইস্ট ফাইন্যান্সে ৪৪৯ কোটি টাকার আমানত রয়েছে।

বাংলাদেশ ব্যাংক অবসায়নের জন্য ২০টি আর্থিক প্রতিষ্ঠান চিহ্নিত করে। গত বছর মে মাসে এসব প্রতিষ্ঠানের লাইসেন্স কেন বাতিল করা হবে না– জানতে নোটিশ দেওয়া হয়। বিভিন্ন ধাপ পেরিয়ে সর্বশেষ ৯টি প্রতিষ্ঠান বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। পরবর্তী সময়ে সংখ্যা কমিয়ে চারটিতে নামানো হয়।

এই চার প্রতিষ্ঠানের পরবর্তী ধাপে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স অ্যান্ড কোম্পানি এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের বিষয়ে সিদ্ধান্ত হবে।