চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চল নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর নরোশিয়া গ্রামে একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনায় উড়ে গেছে বাড়ির টিনের চালা। গতকাল সোমবার রাত প্রায় ৮টার দিকে বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বাড়িটির দেয়ালসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, ওই বাড়িতে বিপুলসংখ্যক ককটেল মজুত ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, জহুরপুর নরোশিয়া গ্রামের ইউনূস আলীর ছেলে ইয়াহিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বাড়িটির দেয়ালসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে কোনো অগ্নিকাণ্ড বা হতাহতের ঘটনা ঘটেনি।
বিস্ফোরণের কারণ ও ককটেল মজুতের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঠিক কতটি ককটেল বিস্ফোরিত হয়েছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ, বিজিবি কিংবা গোয়েন্দা সংস্থা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ককটেলগুলো কীভাবে সেখানে এল এবং কারা এর সঙ্গে জড়িত, তদন্ত শেষে তা বিস্তারিত জানা যাবে।
৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবির সদস্যরা। বর্তমানে ঘটনাস্থলে বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। জহুরপুর ক্যাম্প থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে নরোশিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। তবে এ বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।
ই-মেইল: [email protected], [email protected]