কক্সবাজারের চকরিয়া উপজেলায় অপহরণের ছয় ঘণ্টা পর এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ভোরে কক্সবাজার উত্তর বন বিভাগের ন্যাশনাল পার্ক থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ইসপাতুল ইসলাম জিসান (২৭) লোটনি গ্রামের নাজেম উদ্দিন নাজুর ছেলে।
তিনি কাকারা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এদিকে, খুলনার রূপসা উপজেলায় এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। শেরপুরে ব্রহ্মপুত্র নদ থেকে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, ছাত্রদল নেতা জিসান রোববার রাত ১১টার দিকে চকরিয়া শহর থেকে কাকারা ইউনিয়নের লোটনি গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। কাকারা গারাপাড়া রাস্তার মাথায় পৌঁছালে কয়েক ব্যক্তি তাঁকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এর পর আর তিনি বাড়ি ফেরেননি। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গতকাল সোমবার ভোর ৫টার দিকে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি আরিফুর রহমান।
জিসানের বাবার অভিযোগ, তাঁর ছেলেকে অপহরণ করে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফেলে দেওয়া হয়েছে। তিনি দোষীদের কঠিন শাস্তি চান।
জিসানের মরদেহ উদ্ধারের ঘটনায় গতকাল রাত ১০টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চার নারীকে আটক করেছে। তারা রাত ১০টা পর্যন্ত পুলিশের হেফাজতে ছিলেন।
এদিকে, জিসানের মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন করে বিকেল সাড়ে ৩টার দিকে লোটনী গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও দলীয় নেতাকর্মীর কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে।