গ্রিসের রাজধানী এথেন্সের মধ্যাঞ্চলের পর্যটন এলাকা প্লাকায় বিস্ফোরণে একটি দোতলা আবাসিক ভবন ধসে ছয়জন নিহত হয়েছেন। শনিবার গ্রিক ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে। মেয়র জানিয়েছেন, বিস্ফোরণটি সম্ভবত গ্যাস-সংক্রান্ত কোনো সমস্যার কারণে ঘটেছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন মার্কিন নাগরিক রয়েছেন। গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিম্বারলি গিলফয়েল ‘এক্স’-এ লিখেছেন, ‘মধ্য এথেন্সে গতকালের বিস্ফোরণে চারজন মার্কিন নাগরিকের মৃত্যুর খবর জেনে আমি গভীরভাবে শোকাহত।’

টেলিভিশনে সম্প্রচারিত এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের মুখপাত্র ভ্যাসিলিস ভাত্রাকোগিয়ানিস জানান, ভারী সুরক্ষা সরঞ্জাম ও লাল হেলমেট পরা জরুরি উদ্ধারকারী দল ছয়জনের মরদেহ উদ্ধার করেছে। উদ্ধারকারীদের সঙ্গে প্রশিক্ষিত কুকুর, ক্যামেরা ও সেন্সরও ছিল। ধ্বংসস্তূপ সরানোর সময় তারা একটি অ্যাপার্টমেন্টে থাকা এক বয়স্ক দম্পতি এবং অন্য একটি অ্যাপার্টমেন্টে থাকা চার পর্যটকের সন্ধান করছিলেন।

হোটেল ও স্বল্পমেয়াদি ভাড়ার আবাসনে সমৃদ্ধ ওই এলাকায় গ্যাসের গন্ধ পাওয়ার খবরের পর বিস্ফোরণের কারণ শনাক্ত করতে ফায়ার ব্রিগেডের অপরাধ তদন্তকারী দলও ঘটনাস্থলে যায়।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, পর্যটক হিসেবে আসা দুটি মার্কিন দম্পতির শুক্রবার বিকেল ৩টায় এথেন্স বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে রওনা হওয়ার কথা ছিল। তবে তারা বিমানবন্দরে উপস্থিত হননি।

শনিবার মরদেহগুলো শনাক্তকরণের জন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতি হিসেবে অ্যাম্বুলেন্স রাখা হয়েছিল।