গোপালগঞ্জে জোবায়ের ভূঁইয়া (২২) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জোবায়ের ওই ইউনিয়নের ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। তিনি গোপালগঞ্জ শহরের হাজী লালমিয়া সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জোবায়েরের মৃত্যুর খবর পুখুরিয়া পৌঁছানোর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়দের বরাতে সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, জোবায়ের এলাকায় টিউশনি করতেন। তিন দিন আগে পাশের গ্রামের শহিদ মোল্লার ছেলে সোহেল মোল্লাকে একটি বিষয় নিয়ে সতর্কমূলক বার্তা দেন। বিষয়টি নিয়ে সোহেল ক্ষুব্ধ ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জোবায়ের পুখুরিয়া গ্রামের একটি বাড়িতে শিক্ষার্থী পড়িয়ে বাড়ি ফিরছিলেন। পথে ওই গ্রামেই বাগবিতণ্ডার এক পর্যায়ে সোহেল ও তাঁর বন্ধুরা জোবায়েরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করে। ছেলেকে বাঁচাতে গিয়ে রমজান ভূঁইয়াও আহত হন। আহত অবস্থায় জোবায়েরকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে ওসি বলেন, পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে পুলিশ মোতায়েন করা রয়েছে। নিহত কলেজছাত্রের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি।

নিহতের চাচা হামিম ভূঁইয়া বলেন, ‘আমরা হত্যার বিচার চাই।’ তিনি জানান, আজ শুক্রবার মরদেহ দাফনের পর তারা থানায় অভিযোগ দেবেন।

ই-মেইল: [email protected], [email protected]