প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫৮ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫৯
গৃহকর্মীদের অধিকার রক্ষায় আইন ও নীতিগত অগ্রগতি হলেও তাদের প্রতি সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গি এখনো বড় বাধা। ন্যায্য মজুরি ও কর্মঘণ্টা, কর্মক্ষেত্রে নির্যাতন ও হয়রানি, সীমিত সামাজিক সুরক্ষা এবং শ্রমিক হিসেবে মর্যাদার ঘাটতি এখনো বহু গৃহকর্মীর জীবনের বাস্তবতা।
বুধবার ঢাকার আলোকিতে বাংলাদেশে অক্সফ্যামের আয়োজনে “হ্যান্ডস দ্যট হোল্ড হোমস: রাইটস, রেজিলিয়েন্স অ্যান্ড দ্য ফিউচার অব ডমেস্টিক ওয়ার্কারস” শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
কানাডা সরকারের সহায়তায় ২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাস্তবায়িত সুনীতি–নারী গৃহকর্মীদের অধিকার সুরক্ষা প্রকল্পের সাত বছরের অর্জন, শিখন, নীতিগত অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় তুলে ধরতেই এ আয়োজন করা হয়।
বক্তারা বলেন, আইন পরিবর্তনের পাশাপাশি পরিবার, নিয়োগকরী ও সমাজের মানসিকতায় পরিবর্তন না এলে গৃহকর্মীদের অধিকার বাস্তবে প্রতিষ্ঠিত হবে না।
প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির বলেন, গৃহকর্মীসহ যে কোনো খাতের শ্রমিকদের অধিকার সরকারের একার পক্ষে শতভাগ নিশ্চিত করা সম্ভব নয়।