সাব্বির হাসান বলেন, ‘আহমদ ছফা তাঁর “গাভী বিত্তান্ত” উপন্যাসের মাধ্যমে আমাদের দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ পরিবেশ ও তথাকথিত বুদ্ধিজীবী সমাজের এক নির্মম ও ব্যঙ্গাত্মক বাস্তবতা ফুটিয়ে তুলেছেন। উপন্যাসে উপাচার্য ড. মিয়া মোহাম্মদ মিঞার চরিত্রটি এবং তাঁর প্রশাসনের নানা কর্মকাণ্ডের আড়ালে কীভাবে ক্ষমতার মোহে মানুষ নিজের বিবেক বিসর্জন দেয়, তা নিখুঁতভাবে প্রদর্শিত হয়েছে। তোষামোদির সংস্কৃতি, পদ-পদবির মোহে ব্যক্তিস্বার্থের জয়জয়কার এবং নীতি-নৈতিকতার অবক্ষয় কীভাবে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, লেখক অত্যন্ত নিপুণ ও রূপক অর্থে তা এ বইয়ে তুলে ধরেছেন। এটি কেবল একটি ফিকশন নয়, বরং আমাদের সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার এক গভীর ও প্রাসঙ্গিক দলিল।’

পাঠচক্রের মূল আলোচনা পর্ব শেষ হওয়ার পরই অনুষ্ঠিত হয় বিশেষ কুইজ। ‘গাভী বিত্তান্ত’ উপন্যাসের মূল ভাব, চরিত্র এবং উপন্যাসের নানাবিধ তথ্যের ওপর ভিত্তি করে সাজানো কুইজে উপস্থিত বন্ধুরা অংশ নেন। প্রতিযোগিতায় বিজয়ী হন কার্যনির্বাহী সদস্য বায়েজিদ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নুসরাত শৈলী।