কুষ্টিয়ার খোকসায় ট্রাকের সঙ্গে স্যালো ইঞ্জিনচালিত নছিমনের মুখোমুখি সংঘর্ষে নছিমনচালক নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসার বিলজানি বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নছিমনচালক মুন্না (৩০) নিহত হন। তিনি আলমডাঙ্গার মুন্সীগঞ্জ পশুর হাট এলাকার মোতালেব হোসেনের ছেলে।
স্থানীয়রা ঘাতক ট্রাকটি (কুষ্টিয়া-ট ১১-২১৩৯) আটক করলেও এর চালক পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নছিমনটি রাজবাড়ীর পাংশার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কে সৃষ্ট গর্তে নছিমনের চাকা পড়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি ট্রাকের সামনে গিয়ে ধাক্কা খেলে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করার আগেই নছিমনচালক মুন্না মারা যান। পরে তারা ট্রাকের চাকায় থেঁতলে যাওয়া মরদেহ উদ্ধার করেন এবং ঘাতক ট্রাকটি আটক করেন। এরই মধ্যে ট্রাকচালক পালিয়ে যান। পরে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ঘটনাস্থলে আসে।
নিহত মুন্নার সঙ্গে থাকা আরেক নছিমনচালক রাজন জানান, তারা কয়েকটি গাড়ি নিয়ে মহাজনের পাটকাঠি আনতে পাংশা উপজেলার মাছপাড়ায় যাচ্ছিলেন। সড়কের গর্তে নছিমনের চাকা পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে চলে গেলে দুর্ঘটনাটি ঘটে।
খোকসা থানার এসআই হাবিবুল নিহত নছিমনচালকের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ই-মেইল: [email protected], [email protected]