কুমিল্লার চৌদ্দগ্রামের একটি মাদরাসার দুই ছাত্রী চারদিন ধরে নিখোঁজ। এ ঘটনায় ওই ছাত্রীদের মা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আজ রোববার রাত পৌনে ১০টার দিকে সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মো. আরিফ হোসাইন।

পুলিশ জানায়, নিখোঁজ দুই উপজেলার কাশিনগর বাজারের ভুশ্চি রোডে অবস্থিত আল-আমিন মহিলা মাদরাসার শিক্ষার্থী।

পরিবার জানায়, গত বৃহস্পতিবার সকাল ৮টায় বাড়ি থেকে মাদরাসার উদ্দেশে বের হয়ে আর ফিরেনি তারা। পরে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে শুক্রবার দুই ছাত্রীর মা চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজ একজনের মা জানান, মেয়ে নিখোঁজের ঘটনায় আমরা জিডি করেছি। তাদের খুঁজে না পাওয়া পর্যন্ত টেনশন কমছে না।

রাতে চৌদ্দগ্রাম মডেল থানার ওসি সমকালকে বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের অভিভাবকদের নিয়ে পুলিশ উদ্ধারের চেষ্টা করছে।