আদালতে হাজিরা শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে বাথরুমে যাওয়ার কথা বলে ২৫ মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি তদন্তে গঠন করা হয়েছে তিন সদস্যের একটি কমিটি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান আজ সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ পাঁচজনকে সাসপেন্ড করেছি। এখানে যারা ছিল, গাড়ির ড্রাইভারসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।’

ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফেরার পথে বাথরুমের কথা বলে রোববার সন্ধ্যায় পালিয়ে যায় ‘পিচ্চি রাজা’।

কারা সূত্র বলছে, ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য রোববার সকালে তাকে প্রিজন ভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে তাকে ফের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল। প্রিজন ভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে রাজা বাথরুমে যাওয়ার কথা বলে। আনা-নেওয়ার দায়িত্বে থাকা পুলিশ সদস্য তাকে একটি বাথরুমে নিয়ে যান। সেখানে সুযোগ পেয়ে কৌশলে পালিয়ে যান তিনি।

পলাতক রাজা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ, ১১৭ নম্বর বাসার মোতালেবের ছেলে। ‘পিচ্চি রাজা’ ওরফে ‘বাদশা’ নামেও পরিচিত তিনি।

ই-মেইল: [email protected], [email protected]