প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৪ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫৯

নারায়ণগঞ্জের সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক র‌্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) তারেক সাঈদ মোহাম্মদকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে নির্যাতনের অভিযোগ তুলেছেন স্বজনরা। তবে এ অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষ বলেছে, তিনি কারাগারে উচ্ছৃঙ্খল ও অশোভন আচরণ এবং কারাবিধি লঙ্ঘন করেছেন। এ জন্য তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তারেক সাঈদকে এরই মধ্যে কিশোরগঞ্জ জেলা কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে। মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার জান্নাত-উল-ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত তারেক সাঈদকে কারাগারে নির্যাতনের খবর পেয়ে তাঁর মা দিলুয়ারা বেগম গত সোমবার মুন্সীগঞ্জের সিভিল সার্জন বরাবর লিখিত আবেদন করেন। এতে তাঁর ছেলের সুচিকিৎসার দাবি জানান। সাঈদের ভাই মুসা মতিউর রহমান আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনদের অভিযোগ, গত ১৬ সেপ্টেম্বর রাতে জেল সুপার জান্নাত-উল-ফরহাদের নির্দেশে অন্তত পাঁচজন কারারক্ষী কারাগারের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তারেক সাঈদের ওপর লাঠি নিয়ে হামলা করেন। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় সিসিটিভি বন্ধ রাখা হয়। পরে কারারক্ষীদের কাছ থেকে স্বজনরা এ তথ্য জানতে পারেন।

কারাগারের ভেতরে অন্য এক বন্দিকে জেল সুপারের ওপর নোংরা পানি ফেলতে উস্কানি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তারেক সাঈদের ওপর এ হামলা হয় বলে কারাসূত্রে জানা গেছে।