রাঙামাটির কাপ্তাইয়ে সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের অবাধ প্রবেশ ও যাতায়াত বন্ধের ঘোষণা দিয়েছে বন বিভাগ। সম্প্রতি এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্তৃপক্ষ বনাঞ্চলের সার্বিক সুরক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংরক্ষিত এলাকায় নিষেধাজ্ঞা জারি করে বিলবোর্ড বসিয়েছে।

গত ২৯ আগস্ট সংরক্ষিত বনের সীতার পাহাড়ে ঘুরতে এসে সন্ধ্যায় পথ হারিয়ে ফেলেন চার পর্যটক। পাহাড় থেকে নামার সময় কজন গুরুতর আহত হন। ৯৯৯-এ কল পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করেন। বন বিভাগ সূত্র জানায়, শীত মৌসুম ছাড়াও সাম্প্রতিক সময়ে পাহাড়-বনাঞ্চলের দুর্গম এলাকায় ট্র্যাকিংয়ে গিয়ে বেশ কয়েকজন পর্যটক পথ হারিয়ে ভয়াবহ বিপদে পড়েন। তারা নিয়ম না মেনে সংরক্ষিত বনাঞ্চলে ঢুকে পড়ার কারণেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে। এতে নিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো ও বনের জীববৈচিত্র্য রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে বন বিভাগের কাপ্তাই রেঞ্জের রামপাহাড় বিট অফিসার মোহাম্মদ মিঠু তালুকদার জানান, তারা সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সর্তকতামূলক বিলবোর্ড বসিয়েছেন। এতে স্পষ্ট অক্ষরে উল্লেখ করা হয়েছে–সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। জনসাধারণকে সচেতন করতে ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এসব বিলবোর্ড বসানো হচ্ছে।

ই-মেইল: [email protected], [email protected]