কানাডার গ্রেটার ভ্যাঙ্কুভারে অবস্থানরত বাংলাদেশের অভিবাসী এবং মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়া সংগঠনগুলোর মধ্যে অন্যতম হলো Greater Vancouver Bangladesh Cultural Association - GVBCA (গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন)। কানাডার গ্রেটার ভ্যাঙ্কুভারে বসবাসরত বাংলাদেশের নতুন অভিবাসীদের মূল ধারায় অন্তর্গত করার এবং সার্বিক মানবকল্যাণে সংগঠনটি দীর্ঘ সময় ধরে নিবেদিত রয়েছে।

সভাপতি মাহমুদুল হক লিটনের নেতৃত্বে সংগঠনটি দীর্ঘদিন ধরে জনকল্যাণে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় ১১ অক্টোবর সাইমন ফ্রেসার ইউনিভার্সিটির ‘সাব বলরুমে’ GVBCA-এর উদ্যোগে অত্যন্ত প্রয়োজনীয়, বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘Career & Settlement Workshop 2026’ (ক্যারিয়ার অ্যান্ড সেটেলমেন্ট ওয়ার্কশপ ২০২৬)। এই কর্মশালা বা ওয়ার্কশপের মাধ্যমে কানাডায় নতুন আসা অভিবাসী, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং চাকরিপ্রত্যাশীদের জীবন ও কর্মজীবনে আবাসনভিত্তিক অনিশ্চয়তা দূর করে এক নতুন দিগন্তের উন্মোচন করা হয়।

শিক্ষার্থী, নতুন অভিবাসী ও কমিউনিটির সদস্যদের কানাডায় ক্যারিয়ার গঠন এবং সঠিকভাবে এবং স্থায়ী আবাসন ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় তথ্য, দিকনির্দেশনা ও বাস্তবভিত্তিক সহায়তা প্রদান করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটি মূলত দুটি পর্বে বিভক্ত ছিল।

কর্মশালায় পেশাদার জীবনবৃত্তান্ত (Resume) ও আবেদনপত্র (Cover Letter) তৈরি, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, চাকরি খোঁজার কৌশল, নিয়োগপ্রক্রিয়া, শিক্ষা ও প্রশিক্ষণ, ইমিগ্রেশন, আবাসন এবং মানসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবাসহ নতুন অভিবাসীদের প্রয়োজনীয় নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার অভিবাসীরা কীভাবে কানাডার বিভিন্ন সংস্থা ও সেবা খাতের সঙ্গে সংযুক্ত হতে পারবেন, সে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে অনুষ্ঠানে শিক্ষা, মানসিক স্বাস্থ্য, আবাসন ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কর্মরত অভিজ্ঞ বিশেষজ্ঞ, এইচআর (মানবসম্পদ) প্রতিনিধি ও ক্যারিয়ার কাউন্সিলরদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এ ছাড়া সাইমন ফ্রেসার ইউনিভার্সিটি (SFU)-এর শিক্ষার্থী প্রতিনিধি ও কানাডার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা ও বক্তব্য প্রদান করেন।

সরাসরি প্রশ্নোত্তর ও মতবিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা কানাডার চাকরির বাজার ও জীবনের নানা দিক সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জনের সুযোগ পান। ভ্যাঙ্কুভারের বিভিন্ন পেশায় কর্মরত অভিবাসী বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাঁদের কানাডার যাপিত জীবনের অভিজ্ঞতা এবং পেশার তথ্যসংক্রান্ত বিভিন্ন স্লাইড উপস্থাপন করে মূল্যবান বক্তব্য দেন।