কক্সবাজারে সংঘটিত অপরাধগুলোর পেছনে মাদকের সংশ্লিষ্টতা রয়েছে এবং মাদক নির্মূলে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জেলার দায়িত্বপ্রাপ্ত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ।
তিনি বলেন, ‘মাদক শুধু কক্সবাজারের নয়; এটি সারাদেশের একটি ইস্যু। কক্সবাজারের পাশাপাশি সারাদেশে সব ধরনের অপরাধের সঙ্গে মাদকের সংশ্লিষ্টতা রয়েছে।’ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়সংক্রান্ত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাচিং প্রু জেরী বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সব অংশীজনের পারস্পরিক নিবিড় সহযোগিতার মাধ্যমে জেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা আরও সুদৃঢ় করা সম্ভব।
জেলা প্রশাসক মো. আ: মান্নানের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এবং পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, মাদক নিয়ন্ত্রণে মহল্লায় মহল্লায় মাদক নিয়ন্ত্রণ প্রতিরোধ কমিটি গঠন করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী দপ্তরগুলোর জনবল ও যানবাহন সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।