ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বৈঠক (ছবি-সংগৃহীত)

চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইসলামের হেফাজত, দ্বীন কায়েম এবং সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে পথচলার লক্ষ্যে কওমি ঘরানার সমমনা সাতটি ইসলামি রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আনার বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিটি দলের পক্ষ থেকে ঐক্যের বিষয়ে পৃথক ফর্মুলা দেওয়া হয়েছে। সেসব প্রস্তাব নিয়ে আলোচনা-পর্যালোচনার মাধ্যমে ঐক্যের একটি অভিন্ন রূপরেখা তৈরির চেষ্টা চলছে। রোববার ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সাতটি দলের শীর্ষ নেতা ও প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠক সূত্রে জানা যায়, সাতটি দলের দেওয়া পৃথক প্রস্তাবের খসড়া নিয়ে দীর্ঘ আলোচনা হলেও কয়েকটি বিষয়ে মতপার্থক্য থাকায় ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সব দলই ঐক্যের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে।

এদিকে ঐক্যের খসড়া রূপরেখা চূড়ান্ত করতে সাত দলের প্রত্যেকটি থেকে তিনজন করে প্রতিনিধি নিয়ে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হেফাজতে ইসলামের আরও দুজন শীর্ষ নেতাকে রাখা হয়েছে। আগামী ২২ অক্টোবর ঢাকায় এ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ইসলামের হেফাজতের জন্য ঐক্যের এ আহ্বান জানানো হয়েছে। কওমি ঘরানার সমমনা সাতটি দল একসঙ্গে দ্বীন কায়েম এবং সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে একটি ফর্মুলা তৈরির উদ্যোগ নিয়েছে। প্রত্যেকটি দলের পক্ষ থেকে যে ফর্মুলা দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, সাত দলের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও সবাই ঐক্যের ব্যাপারে ইতিবাচক। ২২ অক্টোবর ঢাকায় লিয়াজোঁ কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণা করবেন।