সম্প্রতি শিন শিন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ভ্যানকট লিমিটেড পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান। ছবি

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান।

সম্প্রতি শিন শিন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ভ্যানকট লিমিটেড পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

যুক্তরাজ্যের ‘উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য ব্যবস্থা’ নীতিমালার বিভিন্ন দিক তুলে ধরে জেমস গোল্ডম্যান বলেন, এ ব্যবস্থার আওতায় বাংলাদেশ বর্তমানে যুক্তরাজ্যে ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। এলডিসি থেকে উত্তরণের পর তিন বছরের অন্তর্বর্তী সময়েও এ সুবিধা অপরিবর্তিত থাকবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সময় শেষ হওয়ার পরও তৈরি পোশাকসহ প্রায় ৯২ শতাংশ পণ্য সম্পূর্ণ শুল্কমুক্তভাবে যুক্তরাজ্যের বাজারে প্রবেশ করতে পারবে। এর ফলে বাংলাদেশি উদ্যোক্তা ও তাঁদের ব্রিটিশ অংশীদারদের মধ্যে নতুন বিনিয়োগ, ব্যবসা সম্প্রসারণ ও ভবিষ্যৎ পরিকল্পনায় আস্থা বাড়বে।

জেমস গোল্ডম্যান বলেন, ‘দেশীয় রপ্তানিকারকদের প্রতি আমাদের বার্তা পরিষ্কার—তালিকা থেকে উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজার বাংলাদেশের জন্য উন্মুক্তই থাকছে।’