রাজধানীর মিরপুর-১-এর বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির দিকে অভিযোগের আঙুল তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি অভিযোগ করেন, বিএনপির ওই সংসদ সদস্যের নেতৃত্বে সেখানে ‘ধ্বংসযজ্ঞ, লুটতরাজ ও মবতন্ত্র’ কায়েম করা হয়েছে।
রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বেলা ১২টার পর আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদল রাড্ডা সেন্টার পরিদর্শনে যায়। তারা প্রতিষ্ঠানটির দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে সেখানে থাকা ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’-এর একটি সাইনবোর্ড এনসিপির কর্মীরা ভেঙে ফেলেন। আরেকটি সাইনবোর্ড কালো কালি দিয়ে মুছে দেওয়া হয় এবং একটি ব্যানার ছিঁড়ে ফেলা হয়।
রাড্ডা সেন্টারে হামলার বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম, বিএনপির একজন সংরক্ষিত নারী আসনের এমপির নেতৃত্বে, যার স্বামী এই এলাকার কমিশনার ছিলেন একসময় এবং যার ভাই ছাত্রদলের সভাপতি ছিলেন একসময়, তার নেতৃত্বে ধ্বংসযজ্ঞ, লুটতরাজ, একটা মবতন্ত্র কায়েম করা হলো।’
তিনি বলেন, ‘আমরা তাদের সেই সংগ্রামকে সম্মান করি। কিন্তু আমরা দেখলাম তার নেতৃত্বে ধ্বংসযজ্ঞ, লুটতরাজ ও মবতন্ত্র কায়েম করা হলো।’
আসিফ মাহমুদ বলেন, রাড্ডা সেন্টারের ভেতরে গিয়ে তারা দেখেছেন, ওষুধ, ইনজেকশন ও চিকিৎসা সরঞ্জাম পর্যন্ত লুট করে নেওয়া হয়েছে। গরিব মানুষের শিশুদের জন্য রাখা টিকাও লুট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।