দেশে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) খাতে অর্থায়নের সুযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ওইইবি (OeEB)-এর কাছ থেকে ২০ মিলিয়ন ইউরোর টার্ম লোন পেয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি রাজধানীর প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় প্রাপ্ত এই অর্থ যোগ্য এমএসএমই উদ্যোক্তাদের মাঝে ঋণ হিসেবে বিতরণ করা হবে। এর ফলে ব্যবসার প্রবৃদ্ধি, সম্প্রসারণ, বিনিয়োগ এবং চলতি মূলধনের প্রয়োজন মেটাতে উদ্যোক্তারা সহজে অর্থায়নের সুযোগ পাবেন। সংশ্লিষ্টরা জানান, এই ঋণ সুবিধা দেশে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখা এমএসএমই খাতের অর্থায়ন সক্ষমতাকে আরও জোরদার করবে। এই যৌথ উদ্যোগ বাংলাদেশে এমএসএমই খাতে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে ওইইবি ও প্রাইম ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন।

অস্ট্রিয়ার ডেভেলপমেন্ট ব্যাংক হিসেবে ওইইবি মূলত উন্নয়নশীল দেশ ও উদীয়মান বাজারগুলোতে টেকসই ও ইতিবাচক প্রভাব সৃষ্টিকারী বিনিয়োগে সহায়তা করে থাকে। অন্যদিকে, প্রাইম ব্যাংক দীর্ঘদিন ধরে প্রচলিত ও ইসলামি ব্যাংকিংয়ের আওতায় এমএসএমই খাতে দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের মাধ্যমে দেশের বেসরকারি খাতের টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে। নতুন এই ঋণ সুবিধা এমএসএমই খাতের পরিবর্তনশীল অর্থায়ন চাহিদা পূরণে প্রাইম ব্যাংকের সক্ষমতাকে আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মুহাইমিন এবং ওইইবির সিনিয়র ইনভেস্টমেন্ট অফিসার ইলকা ভোগেল উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

ই-মেইল: [email protected], [email protected]