বরিশালের উজিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন কিশোর নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো– উপজেলার বামরাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামের তাওহীদ ও সৌরভ ঢালী (১৬) এবং ৭ নম্বর ওয়াডের ধামসর গ্রামের মুত্তাকিন (১৫)। তারা তিনজনই চলতি বছর আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। তারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী সেলিম সরদার বলেন, মোটরসাইকেলটি বরিশালের দিকে যাচ্ছিল। এটির সঙ্গে সন্ধ্যা ৬টার দিকে ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি ছিটকে পড়ে। বাসটি ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার উত্তরে গিয়ে থামে। পরে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।
স্থানীয় মোহাম্মদ লালন ফকির নামের এক অনলাইন অ্যাকটিভিস্ট নিহত তিন কিশোরের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, একসঙ্গে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দূর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়। সংবাদ পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে বলে জানান ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। থানা পুলিশ তাদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও বাসের চালক-সহকারীর বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
ই-মেইল: [email protected], [email protected]