যাত্রার শুরুতেই ছিল একের পর এক নাটকীয়তা। ট্রেনের টিকিট না পাওয়ায় শেষ পর্যন্ত বাসেই রওনা হওয়ার সিদ্ধান্ত নিই। রাত নয়টার দিকে বাস ছাড়ার কথা। বাসা থেকে বের হই রাত ৮টা ১০ মিনিটে। সিলেট ওসমানী মেডিকেল এলাকার কাছ থেকে কদমতলী বাসস্ট্যান্ডের উদ্দেশে একটি সিএনজিতে উঠলাম। কিন্তু চালকের শর্ত, পাঁচজন যাত্রী পূর্ণ না হলে গাড়ি ছাড়বে না। সময় গড়িয়ে প্রায় ৮টা ৪০ মিনিট, অথচ যাত্রী মাত্র তিনজন! আর অপেক্ষা নয়, নেমে পড়লাম।এরপর শুরু হলো আরেক দফা ছোটাছুটি। বেশি ভাড়া দিয়ে একটি অটোরিকশায় উঠলাম। কিন্তু কাজীরবাজার ব্রিজ পার হওয়ার পর পুলিশের উপস্থিতি দেখে চালক আর সামনে যেতে রাজি হলেন না। আবার গাড়ি বদল। শেষ পর্যন্ত রাত ৯টা ৫ মিনিটের দিকে পৌঁছালাম বিলাস কাউন্টারে। এমন সব ছোট ছোট বাধা পেরিয়েই শুরু হলো আমাদের ঢাকা অভিমুখী যাত্রা।
লঞ্চের পুরো পরিবেশটাই আমার কাছে ছিল উপভোগের বিষয়। চারপাশ ঘুরে দেখা, নদীর হাওয়া, নতুন মানুষ আর নতুন অভিজ্ঞতা—সবকিছুই মনে গেঁথে যাচ্ছিল। এমনকি লঞ্চের ছাদেও উঠে কিছুটা সময় কাটিয়েছি। পরে ফিরে এসে সবার সঙ্গে আড্ডা, গল্প আর হাসি-আনন্দে মেতে উঠলাম।
সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বন্ধুদের আন্তরিকতা। পরিচিত-অপরিচিত প্রায় সবার সঙ্গেই কথা হয়েছে। কোথাও কোনো দূরত্ব ছিল না। বন্ধুসভার এই বন্ধন যেন মুহূর্তেই সবাইকে আপন করে নেয়। গান, নাচ, আড্ডা—সব মিলিয়ে সময়টা কীভাবে কেটে যাচ্ছিল, টেরই পাচ্ছিলাম না।
অবশেষে যখন একটি ভালো কাজের স্বীকৃতি হিসেবে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার নাম ঘোষণা করা হলো, আনন্দের সেই মুহূর্ত ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছিল, এতক্ষণের অপেক্ষা, অস্থিরতা আর প্রত্যাশা সবকিছু যেন এক নিমেষেই সার্থক হয়ে গেল। ইচ্ছা করছিল সিলেটে থাকা একজনকে ফোন করে মুহূর্তটির আনন্দ ভাগ করে নিই।
পুরস্কার গ্রহণের সময় আনিসুল হক ভাই মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার কার্যক্রমের প্রশংসা করেন। তাঁর মুখে আমাদের বন্ধুসভার কথা ও কাজের স্বীকৃতি শুনে সত্যিই ভালো লেগেছিল। এ ধরনের স্বীকৃতি শুধু আনন্দ দেয় না; বরং ভবিষ্যতে আরও ভালো কাজ করার সাহস ও অনুপ্রেরণা জোগায়।
আয়োজনজুড়েই ছিল নানা রকম খাবারের সমারোহ। আইসক্রিম থেকে শুরু করে কফি—সবকিছুই বেশ উপভোগ করেছি। তবে দিনের শেষভাগের সাংস্কৃতিক আয়োজন ছিল বিশেষ আকর্ষণীয়। বন্ধুদের সঙ্গে নাচ, গান আর আনন্দ-উল্লাসে সময়টা যেন অন্য এক মাত্রা পেয়েছিল। এমন কিছু মুহূর্ত থাকে, যেখানে বয়স, পদ-পদবি কিংবা পরিচয়ের কোনো গুরুত্ব থাকে না; থাকে শুধু বন্ধুত্ব আর একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার নির্মল অনুভূতি।