শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ ইন্টার্নশিপবিভিন্ন বিষয়ে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জন। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করার সুযোগ পান। একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়, প্রতিষ্ঠান, জনগোষ্ঠী ও কাজের ধরন সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করতে পারেন।

বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে অনেক শিক্ষার্থী মনে করেন, শ্রেণিকক্ষে পাঠ গ্রহণই যথেষ্ট। কিন্তু এ বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণও প্রয়োজন। কারণ, তাত্ত্বিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয় শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে সহায়তা করে। এ বিষয়ে মার্কিন সাইকোলজির শিক্ষক অ্যাশলি মায়ার বলেন, ‘ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে শেখা বিষয়গুলো বাস্তবে প্রয়োগ করতে পারেন। পাশাপাশি কাজ করতে গিয়েও নতুন অনেক কিছু শেখার সুযোগ পান। ইন্টার্নশিপের উদ্দেশ্য, শিক্ষার্থীরা যেন নিজেদের আগ্রহের বিষয়, প্রতিষ্ঠান, জনগোষ্ঠী ও কাজের ধরন সম্পর্কে ধারণা পান।’

এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের জীবনবৃত্তান্ত সমৃদ্ধ করতে, ভবিষ্যৎ পেশা বেছে নিতে এবং পরবর্তী পর্যায়ের পড়াশোনার জন্য প্রস্তুতি নিতে সহায়তা করে।

বিনা পারিশ্রমিকে কাজের চ্যালেঞ্জশিক্ষার্থীদের অনেকেই পড়াশোনার পাশাপাশি নিজের ও পরিবারের খরচ চালানোর চেষ্টা করেন। তাঁদের জন্য নিয়মিত ক্লাস, পরীক্ষার প্রস্তুতি এবং কাজের চাপ সামলানোই কঠিন। এর মধ্যে বিনা পারিশ্রমিকে ইন্টার্নশিপ করতে হলে আর্থিক চাপ আরও বেড়ে যেতে পারে। ফলে অনেকেই ইন্টার্নশিপের প্রয়োজনীয়তা বুঝলেও এতে অংশ নিতে আগ্রহী হন না।

এ পরিস্থিতিতে ইন্টার্নশিপের সময় শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কিছু প্রতিষ্ঠানে এই উদ্যোগ চালু হয়েছে। এ ধরনের উদ্যোগ বাড়লে আর্থিক সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা কমতে পারে।

অভিজ্ঞতা ছাড়া চাকরি পাওয়া কঠিন কেনকর্মজীবনের শুরুতে নতুন স্নাতকদের একটি সাধারণ সমস্যার মুখোমুখি হতে হয়। চাকরির বিজ্ঞপ্তিতে প্রাথমিক পর্যায়ের পদ উল্লেখ থাকলেও অনেক ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা চাওয়া হয়। কিন্তু সদ্য পড়াশোনা শেষ করা একজন প্রার্থীর পক্ষে সেই অভিজ্ঞতা অর্জন করা সহজ নয়।