রাজধানীর আদাবরে শ্যামলী হাউজিং এলাকায় বাড়ির গেটে হামলা

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ০১:০৭ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ০১:০৭

‘শনিবার সকালে ১৫ থেকে ২০ জন অস্ত্রসহ বাড়ির গেটে হামলা ও ক্যামেরা ভেঙে ফেলার পর থেকে আতঙ্কে আছি। কখন আবার কী ঘটে এই আশঙ্কায় বাজার-সদাই করতেও বের হতে ভয় পাচ্ছি।’

রাজধানীর আদাবরে শ্যামলী হাউজিং এলাকায় ৪১/৪২ নম্বর বাড়ির মালিক আমিনুর রহমানের ভাতিজা মনির হোসেন রোববার সমকালকে এসব কথা বলেন। শনিবার সকালে ওই বাড়িটি দখলচেষ্টার বর্ণনা করে মনির বলেন, যারা অস্ত্র নিয়ে হামলা করতে এসেছিল, তাদের মধ্যে তিন থেকে চারজন মুখোশ পরিহিত ছিল। তারা গেটের তালা ভাঙার চেষ্টা করে। কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে গেট কোপাতে থাকে। এক পর্যায়ে অনেক ভাড়াটিয়া নেমে আসেন। তখন হামলাকারীরা চলে যায়।

মনির বলেন, হামলাকারীরা এসে বলছিল, টাকা দে। বাসা খালি কর। কীভাবে বাসায় থাকিস দেখাব। মাস দুয়েক আগেও একবার মোটরসাইকেলে কয়েকজন এসে হুমকি দিয়ে যায়।

মনির বলেন, হামলার বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর রোববার থানার ওসি এসেছিলেন। ডিবির লোকজন আসে। তারা আসার পর একটু সাহস পাচ্ছি।