মেধার লড়াইয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও শিক্ষার্থীদের বড় একটি অংশ আবাসন সুবিধা থেকে বঞ্চিত। দেশের ৬১ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখন ৫৮টিতে চলছে শিক্ষা কার্যক্রম। এই ৫৮ বিশ্ববিদ্যালয়ের প্রতি তিন শিক্ষার্থীর মধ্যে প্রায় দুজন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকতে পারছেন না।

তথ্য বলছে, মোট শিক্ষার্থীর ৭৯ দশমিক ৮১ শতাংশেরই আবাসিক সুবিধা নেই। তাদের থাকতে হচ্ছে মেস, ভাড়া বাসা, সাবলেট কিংবা ক্যাম্পাস-সংলগ্ন বাসাবাড়িতে। এতে উচ্চশিক্ষার ব্যয়ের সঙ্গে যোগ হচ্ছে বাড়তি খরচ। দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের পরিবারের ওপর পড়ছে অতিরিক্ত আর্থিক চাপ। আর দীর্ঘ যাতায়াত ও অনুপযুক্ত আবাসন পরিবেশের কারণে পড়াশোনাও ব্যাহত হচ্ছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ ৫০তম বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, অধিভুক্ত কলেজ বাদ দিয়ে ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৫১ লাখ ৭৯ হাজার ৫৭৯ জন। এর মধ্যে তিনটি (জাতীয়, উন্মুক্ত ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়) বাদে বাকি সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ৪৮ লাখ ২১ হাজার ১৬৫ জন। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ৩৩ লাখ ৮৪ হাজার ৫৪৫ জন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ লাখ ৯৫ হাজার ৫৪১ জন। এ ছাড়া দেশের ফাজিল (ডিগ্রি স্তর) ও কামিল (মাস্টার্স) স্তরের অধিভুক্ত মাদ্রাসাগুলোতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৫ লাখ ৩ হাজার ৫৮০।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের এই প্রায় ৫২ লাখ ছাত্রছাত্রীর জন্য ২৩২টি আবাসিক হল ও ডরমিটরিতে আসন রয়েছে ১ লাখ ৫ হাজার ৭৮৭টি। অর্থাৎ ৫০ লাখ ৭৩ হাজার ৭৯২ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আবাসিক সুবিধার বাইরে, যা শতাংশের হিসাবে ৭৯ দশমিক ৮১ শতাংশ। বাকি ২০ দশমিক ১৯ শতাংশ ছাত্রছাত্রী আবাসন সুবিধা পাচ্ছেন।

তবে বিশ্ববিদ্যালয়ভেদে সংকটের তীব্রতা আরও বেশি। দেশের কয়েকটি বড় বিশ্ববিদ্যালয়ে আবাসিক সুবিধা পান ২০ শতাংশেরও কম শিক্ষার্থী। কোথাও আবার একটি মাত্র হলের ওপর নির্ভর করছেন প্রায় ১৯ হাজার শিক্ষার্থী। অন্যদিকে, পরিকল্পিতভাবে আবাসিক অবকাঠামো গড়ে তোলায় কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ শিক্ষার্থীই হলে থাকার সুযোগ পাচ্ছেন। ফলে সমস্যাটি শুধু আর্থিক ঘাটতি নয়; শিক্ষার্থী বৃদ্ধি, আসন পরিকল্পনা ও অবকাঠামো উন্নয়নের মধ্যে সমন্বয়ের ঘাটতিও সামনে আসছে।

১৯ হাজার শিক্ষার্থী, হল মাত্র একটি আবাসন সংকটের সবচেয়ে বড় উদাহরণ রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রায় ১৯ হাজার শিক্ষার্থীর জন্য এ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল মাত্র একটি। সেখানে থাকার সুযোগ পান প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী। বাকি সব শিক্ষার্থীকে মেস বা ভাড়া বাসায় থাকতে হচ্ছে।