তথ্য অধিকার সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ পালন করা হবে আজ। প্রতিবছর ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় ইউনেস্কো স্বীকৃত দিবসটি। দিবসের এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’। এ উপলক্ষে ঢাকাসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন বাংলাদেশের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দুপুর আড়াইটায় শুরু হবে এ অনুষ্ঠান। তথ্য কমিশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তথ্য অধিকার, তথ্যের সত্যতা, অপতথ্য মোকাবিলা এবং সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে আলোচনা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আমানউল্লাহ আমান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আলোচক হিসেবে থাকবেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন তথ্য কমিশনের সচিব মো. শাহ আলম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ড. সুমন রহমান।

দিবসটির প্রতিপাদ্য মোবাইলে এসএমএসের মাধ্যমে প্রচার, জনগণের তথ্য অধিকারবিষয়ক বিভিন্ন ডকুমেন্টারি ডিজিটাল স্ক্রল ও ডিজিটাল অ্যাডভারটাইজিং বোর্ডে প্রচার, ওয়েবসাইটে দিবস উদযাপনের ফেস্টুন প্রচার প্রভৃতি কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।

ই-মেইল: [email protected], [email protected]