রাজধানীর আদাবরে শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল দেশি অস্ত্র নিয়ে বাড়িটিতে হামলা চালিয়ে গেট, দরজা-জানালা ভাঙচুরের চেষ্টা করে।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক আমিনুর রহমান খানের ভাতিজা মো. রাজু জানান, ভোরে একদল লোক বাড়িটিতে হামলা চালালে অনেক ভাড়াটিয়া নিচে নেমে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

তিনি বলেন, ‘ভোরে বাড়িতে হামলার পর অনেক ভাড়াটিয়া নেমে আসে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। থানায় গেলে আদাবর থানার ওসি অন্য কাজে ব্যস্ত আছেন বলে জানান। এরপর পুরো ঘটনা জানিয়ে অভিযোগ করা হয়েছে।’

রাজু জানান, ৯৯৯-এ ফোন করার পর সকাল পৌনে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে জানতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

আদাবর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে। মুখোশ পরার কারণে জড়িতদের শনাক্ত করতে পারিনি।’