জয়পুরহাটের আক্কেলপুরে স্লুইসগেটের পাশ থেকে পানিতে ভাসমান অবস্থায় বেলি বিবি (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আবাদপুর পূর্বপাড়া গ্রামের নন্দাহার খালের স্লুইসগেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গ্রামের পাশের নন্দাহার খালের স্লুইসগেট এলাকায় গোসল করতে যান বেলি বিবি। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

স্থানীয় বাসিন্দারা জানান, স্লুইসগেটের আশপাশে গ্রামের অনেক মানুষ নিয়মিত গোসল করেন। শুক্রবার ভোরে স্থানীয় বাসিন্দা বিপ্লব হোসেন সেখানে মাছ ধরতে গেলে পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের স্বামী বাচ্চু সরদার বলেন, আমার স্ত্রী ছেলের বাড়িতে থাকত। গতকাল থেকে আমি বাড়িতে ছিলাম না। স্ত্রী মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থলের পাশে তাঁর জুতা, গোসলের কাপড় ও সাবান পড়ে ছিল।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ই-মেইল: [email protected], [email protected]