অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলার কারণে দেশের বিপুলসংখ্যক মানুষ প্রতিরোধযোগ্য নানা রোগে ভুগছেন। দেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখো নারী এমন সব রোগে আক্রান্ত হচ্ছেন, যেগুলো প্রতিরোধ করা সম্ভব।

ডা. জুবাইদা রহমান বলেন, সরকার বর্তমানে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। তাঁদের ৮০ শতাংশই নারী। এসব স্বাস্থ্যকর্মী তৃণমূল পর্যায়ে মানুষের কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। রোগ প্রতিরোধে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা ও মানুষের আস্থা অর্জনের ওপরও গুরুত্ব দেন তিনি।

বিশেষ অতিথি ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনতে রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের বৈজ্ঞানিক গবেষণার সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে আইদেশির প্রতিষ্ঠাতা ও লিড ফিরদৌসী কাদরী বলেন, গত ১২ বছরের অর্জন সম্ভব হয়েছে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সবার সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও সহযোগিতায়। দেশের অপূর্ণ স্বাস্থ্যচাহিদা পূরণে বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান তিনি।

২০১৪ সালে প্রতিষ্ঠিত আইদেশির ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরকারের কর্মকর্তা, স্বাস্থ্য ও বিজ্ঞান খাতের প্রতিনিধি, গবেষক, আন্তর্জাতিক সংস্থা এবং ওষুধশিল্পের প্রতিনিধিরা অংশ নেন। ‘একসঙ্গে বিজ্ঞানের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে জনস্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞানের পাঁচটি বিষয়ে বিশেষজ্ঞ প্যানেল আলোচনা হয়।