প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:০১ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:০৪
বলিউডে অনেক অভিনেত্রী দীর্ঘ সময় ধরে অভিনয় করেছেন। আবার কেউ কেউ অল্প সময়ে দর্শকের মনে জায়গা করে নিয়ে পরে নিজে সরে গেছেন আলো ঝলমলে জগৎ থেকে। এমন একজন গায়ত্রী যোশী ওবেরয়। শাহরুখ খানের সঙ্গে ‘স্বদেশ’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পেলেও মাত্র ২৮ বছর বয়সে অভিনয় থেকে বিদায় নেন তিনি। পরে বেছে নেন সংসার ও সন্তানদের নিয়ে জীবন।
সম্প্রতি প্রকাশিত হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এ শাহরুখ খানকে ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তালিকা অনুযায়ী, তার সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি রুপি। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে তার ‘স্বদেশ’ সহশিল্পী গায়ত্রীর নাম।
গায়ত্রী বিয়ে করেছেন রিয়েল এস্টেট ব্যবসায়ী বিকাশ ওবেরয়কে। হুরুনের ২০২৬ সালের তালিকা অনুযায়ী, বিকাশের সম্পদের পরিমাণ প্রায় ৪৮ হাজার ১০০ কোটি রুপি। এই সম্পদের হিসাবে তিনি ভারতের ৫৯তম ধনী ব্যক্তি। এর আগের বছরও তালিকায় ছিলেন তিনি। তখন তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ৪২ হাজার ৯৬০ কোটি রুপি।
নব্বইয়ের দশকে ভিডিও জকি (ভিজে) হিসেবে বিনোদনজগতে পথচলা শুরু করেন গায়ত্রী। এরপর ২০০০ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নেন। একই বছর ‘মিস ইন্টারন্যাশনাল’-এ ভারতের প্রতিনিধিত্বও করেন তিনি।
২০০৪ সালে আশুতোষ গোয়ারিকরের ‘স্বদেশ’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পান গায়ত্রী। ছবিতে তার অভিনীত চরিত্র ছিল গীতা। সিনেমাটি সমালোচকদের প্রশংসা পায় এবং গায়ত্রীও পরিচিতি পান। তবে ‘স্বদেশ’-এর পর আর কোনো সিনেমায় অভিনয় করেননি তিনি। মাত্র ২৮ বছর বয়সেই বলিউডের আলো থেকে সরে গিয়ে সংসারকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নেন।