রোববার, ১৫ নভেম্বর ২০২৬DonateLoginপ্রচ্ছদকার্যক্রমছবিভিডিওট্রাস্ট সম্পর্কেAbout Prothom Alo TrustContactUpdatesপ্রথম আলো আলোর পাঠশালাস্বপ্ন দেখা অভাবকে জয় করে আইনজীবী হওয়ার স্বপ্ন দেখছে নূপুরনিজস্ব প্রতিবেদক প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১: ৩০ মদনপুর আলোর পাঠশালার সপ্তম শ্রেণির শিক্ষার্থী নূপুর আক্তার স্বপ্ন দেখছে আইনজীবী হওয়ার।জীবনের কঠিন লড়াই আর পারিবারিক নানা প্রতিকূলতা পেরিয়ে আলোর দিশারী হয়ে উঠেছে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের সপ্তম শ্রেণির ছাত্রী নূপুর আক্তার। মদনপুর আলোর পাঠশালার এই শিক্ষার্থীর স্বপ্ন বড় হয়ে একজন নামকরা আইনজীবী হওয়া এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

নূপুরের পারিবারিক জীবন অত্যন্ত কষ্টদায়ক। তার বাবা মো. হাসান ও মা মোসাম্মৎ নাজমা বেগমের বিচ্ছেদ ঘটে মাত্র পাঁচ বছর বয়সে। এরপর থেকে নূপুর ও তার মা নানার বাড়িতে আশ্রয় নেন। দুই বছর পর তার মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেলে নূপুরের সম্পূর্ণ দায়িত্ব নেন তার নানা মো. লোকমান। বর্তমানে কোনো যোগাযোগ না থাকায় পিতা-মাতা বেঁচে থেকেও যেন এতিমের জীবন যাপন করছে সে। কৃষক নানা মো. লোকমান ও গৃহিণী নানু আমেনা বেগমের স্নেহে ও পরিচয়ে বড় হচ্ছে নূপুর। পড়াশোনার পাশাপাশি নানা-নানির গৃহস্থালি কাজেও সে নিয়মিত সাহায্য করে।

নূপুরের এমন উচ্চাশার পেছনে রয়েছে এক গভীর উপলব্ধি। সে মনে করে, সমাজের অনেক অসহায় ও দরিদ্র মানুষ অর্থাভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। অনেক সময় প্রভাবশালী ব্যক্তিদের অন্যায়ের প্রতিবাদ করার সাহস পান না সাধারণ মানুষ। এসব বিষয় তাকে গভীরভাবে ভাবায়। তাই সে ভবিষ্যতে আইনজীবী হয়ে সুবিধাবঞ্চিত ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ের কাজ করতে চায়, যেন কোনো অসহায় মানুষ অর্থের অভাবে আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয়। নূপুরের শিক্ষকরা জানান, তার মধ্যে যে আত্মবিশ্বাস, স্বপ্ন ও বড় হওয়ার তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা সময়ের সঙ্গে আরও সুদৃঢ় হবে। নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সে একদিন তার গন্তব্যে পৌঁছাতে পারবে বলে তাদের দৃঢ় বিশ্বাস।

নূপুরের নানা মো. লোকমান আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ' আমি আমার নাতনির জন্য দোয়া করি, সে যেন তার স্বপ্ন পূরণ করতে পারে। আমি তাকে পড়াবো। অল্প বয়সে নূপুরের মাকে বিয়ে দিয়ে যে ভুল করেছি, সেই ভুল আর করব না। আমি নূপুরকে কখনো অল্প বয়সে বিয়ে দেব না।' নানা-নানির পরিবারে থেকে বেড়ে ওঠা এই অদম্য কিশোরীর স্বপ্নযাত্রা সফল হোক—এটাই শিক্ষক ও পরিবারের একান্ত প্রত্যাশা।