প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৪৭ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৫০

কক্সবাজারের চকরিয়ায় ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসানকে (২৭) বাড়ি ফেরার পথে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার প্রায় চার ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জিসান কাকারা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে জিসান চকরিয়া সদর থেকে কাকারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লোটনি গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় কাকারা গারা পাড়া রাস্তার মাথায় একটি মাইক্রোবাস নিয়ে তার গতিরোধ করে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর পুলিশকে জানানো হলে খুটাখালী ন্যাশনাল পার্কের পাশ থেকে জিসানের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি চকরিয়া থানার ওসি আরিফুর রহমান নিশ্চিত করেছেন। নিহত ছাত্রদল নেতার বাবা নাজেম উদ্দিন নাজুর অভিযোগ, তার ছেলেকে অপহরণ করে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়েছে।