মিরপুর-১, মোহাম্মদপুর, আদাবর ও ইসিবি চত্বর। রাজধানী ঢাকার চার স্থান। ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন ঘটনা। হামলা, ভাঙচুর, দখলচেষ্টা ও লুটপাট। মাত্র ৪৭ ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া এসব ঘটনাকে বিচ্ছিন্ন মনে করছেন না সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে মিরপুর-১ নম্বরে ৫০ বছরের পুরোনো প্রতিষ্ঠান দরিদ্রদের স্বাস্থ্য ও টিকাকেন্দ্র হিসেবে পরিচিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেয় দুই শতাধিক লোক। সর্বশেষ শনিবার রাত ১১টার দিকে ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর ও লুটপাটের পর আশপাশের কয়েকটি বাড়িসহ স্থাপনায়ও হামলা করা হয়েছে। হামলাকারীরা বেশ কয়েকটি পিকআপে দলবদ্ধভাবে এসেছিল। কারও হাতে ছিল আগ্নেয়াস্ত্র।

মিরপুরে রাড্ডায় লুটপাটের ৩৭ ঘণ্টা পর শনিবার বেলা ১১টার দিকে মোহাম্মদপুর চাঁদ উদ্যানে ১৭ কাঠা জমি দখল ঘিরে চলে সশস্ত্র হামলা-ভাঙচুর। দুই ঘটনাস্থলের দূরত্ব প্রায় সাড়ে ৬ কিলোমিটার। একই দিন সকাল সাড়ে ৬টায় স্বল্প দূরত্বের আদাবর শ্যামলী হাউজিংয়ে ৮ তলা বাড়ি দখলের চেষ্টায় রামদা, চাপাতি, পিস্তলসহ প্রায় ২০ জনের একটি দল হামলা চালায়। সে ঘটনার ভয়াবহ দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়।

দুদিনের কম সময়ের ব্যবধানে রাজধানীর প্রায় ১৪ কিলোমিটারের মধ্যে এসব ঘটনায় জনমনে নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। অপরাধীরা শঙ্কাহীন চিত্তে এসব করছে কিনা– এমন প্রশ্ন তুলছেন কেউ কেউ। আলাদা কারণে ভিন্ন ভিন্ন গ্রুপ চার স্থানে হামলা ও লুটপাটে জড়িত। তাদের অনেকের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। কেউ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা-ভাঙচুরে জড়ায়। এমন ঘটনা শুধু রাজধানীতে নয়; দেশের বিভিন্ন এলাকায় প্রায়ই দলবদ্ধভাবে জমি দখলচেষ্টা, হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে প্রাণহানিও হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের দেড় বছর এবং বর্তমান সরকারের সাত মাস পরও পুলিশ পুরোপুরি ঘুরে দাঁড়াতে পেরেছে কিনা– এমন আলোচনা পুলিশ বাহিনীর ভেতরেও আছে। মাঠ পর্যায়ে দ্রুত আইন কার্যকর নিয়ে অনেক জায়গায় পুলিশের মধ্যে দ্বিধা দেখা যাচ্ছে। কিছু অপরাধ কর্মকাণ্ড শেষ হওয়ার অনেক পর ঘটনাস্থলে যাচ্ছে পুলিশ। অনেক জায়গায় আইন প্রয়োগ করতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। কেউ মব তৈরি করে পরিস্থিতি পাল্টাতে চান। পূর্ণ মনোবল নিয়ে পরিস্থিতি মোকাবিলা বা মানুষের আস্থার জায়গায় এখনও যেতে পারছে না পুলিশ। বাহিনীর ভেতরেও রয়েছে নানা বিভাজন। এর প্রভাব পড়ছে মাঠে। অনেক জায়গায় ভিন্নচিত্র দেখা যায়। কারও কারও সঙ্গে অপরাধীদের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি আলোচনায় আসে।

রাড্ডা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর সেখানকার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় রাজনৈতিক অসাধু নেতাকর্মীদের সঙ্গে থানা পুলিশের যোগসাজশের বিষয়টি সামনে আসছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গতকাল শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। আদাবরে বাড়ি দখলের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করছেন ভুক্তভোগীরা। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট, ভাঙচুর এবং ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটরের কার্যালয় ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঘটনাগুলোকে কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত উল্লেখ করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক জবাবদিহিসহ সারাদেশে দলের আত্মশুদ্ধি অভিযানের আহ্বান জানিয়েছে সংস্থাটি।