প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৩৩ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৩৫

গেল ১৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে বলিউডের সিনেমা ‘লাস্ট স্টোরিজ ৩’। সিনেমাটিতে রাধিকা মদনকে দেখা গেছে অন্তরঙ্গ দৃশ্যে। পর্দায় সেই দৃশ্য দর্শকের প্রশংসা পেলেও এটি করতে গিয়ে স্বস্তিতে ছিলেন না অভিনেত্রী। বরং দৃশ্যটি ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্কে ছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের পর থেকেই এক ধরনের চাপা আতঙ্ক কাজ করত রাধিকার মধ্যে। সারাক্ষণ ভয় ছিল, দৃশ্যটি যদি ফাঁস হয়ে যায়! ২০১৬ সালে ‘পার্চড’ সিনেমায় অভিনয়ের সময় তাঁর একটি অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হয়েছিল। সেই ঘটনার পর থেকেই এ ধরনের দৃশ্যে অভিনয় করার ক্ষেত্রে ভয় কাজ করে তাঁর। ‘লাস্ট স্টোরিজ ৩’-এও আলী ফজলের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন রাধিকা।

এক সাক্ষাৎকারে রাধিকা বলেন, এ ধরনের দৃশ্যে অভিনয় করার সময় ঝুঁকি নিয়েই কাজ করতে হয়। তাঁর ভাষায়, “যাঁদের দৃষ্টিভঙ্গিই খারাপ, তাঁদের আমরা কী করতে পারি? তাঁদের বাড়িতে গিয়ে তো বলতে পারি না, এসব করবেন না। সত্যি বলতে কিছুই করার থাকে না। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার সময় মাথায় রাখতে হয়, দৃশ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই ঝুঁকি জেনেই কাজ করতে হয়।”

অন্যদিকে ‘লাস্ট স্টোরিজ ২’-এ সাবেক প্রেমিকা তামান্না ভাটিয়ার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন বিজয় ভার্মা। পরে সেই দৃশ্যও ফাঁস হয়ে যায়।

এ প্রসঙ্গে বিজয় বলেন, এ ধরনের দৃশ্যে অভিনয়ের সময় দর্শক কীভাবে বিষয়টি দেখবেন, সেই চিন্তা মাথা থেকে সরিয়ে রাখতে হয়। তাঁর ভাষায়, “আমরা জানি, এই ধরনের দৃশ্য অনেক জায়গায় ছড়িয়ে পড়তে পারে। এটাই বাস্তবতা। কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কিছু দৃশ্য আরও বেশি ছড়িয়ে পড়ে, নানা জায়গায় ঘুরতে থাকে। কিন্তু এই ভাবনাগুলো মাথায় রেখে দিলে আমি যে ধরনের কাজ করতে চাই, তা করতে পারব না। অভিনেতা হিসেবে নতুন কিছু করার সাহসও হারিয়ে ফেলব।”